চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ, যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৬, ০৯:২৫
অ- অ+

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় স্থাপিত র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে। রবিবার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

তিনি জানান, রাত ১টার পর জঙ্গল সলিমপুরে সদ্য প্রতিষ্ঠিত র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীরা মুহুর্মুহু গুলিবর্ষণ করে। প্রাথমিক তদন্তে হামলার জন্য ইয়াসিন বাহিনীকে দায়ী করা হয়েছে।

র‍্যাব-৭-এর অধিনায়ক বলেন, যৌথ বাহিনীর অভিযানে জঙ্গল সলিমপুর থেকে বিতাড়িত সন্ত্রাসী ইয়াসিন গ্রুপই এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

অভিযানে অংশ নেওয়া র‍্যাবের এক কর্মকর্তা জানান, রাত ৩টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা পুরো জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে ফেলেন এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করেন।

চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কের পাশে পাহাড়ি এলাকায় অবস্থিত জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এলাকাটিতে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন দশক ধরে বিভিন্ন সন্ত্রাসী চক্র এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছে। পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের পাশাপাশি সেখানে অস্ত্র ও মাদকের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল। বিভিন্ন জলবায়ু উদ্বাস্তু ও নিম্নআয়ের মানুষকে স্বল্পমূল্যে বসবাসের সুযোগ দেওয়ার আড়ালে এসব কর্মকাণ্ড পরিচালিত হতো বলে অভিযোগ রয়েছে।

গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ হারায় সন্ত্রাসীরা। ওই অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হলেও ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন, রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিনসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী এখনো পলাতক রয়েছেন।

সরকার ইতোমধ্যে জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় র‍্যাব ক্যাম্পে হামলার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অভিযানের অগ্রগতি ও হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে যৌথ বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৫ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়মনির ঘোলে নিরাপদ পানির সংকট নিরসনে কোস্ট গার্ডের উদ্যোগ
ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৩০
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
শেখ হাসিনার বক্তব্য নিয়ে মুখ খুলল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা