সাজেকে বজ্রপাতে ৩ মাসের শিশুর মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বজ্রপাতের বিকট শব্দে তিন মাস বয়সী এক পাহাড়ি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের বাবা-মাসহ আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন।
গতকাল রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা (৩ মাস)। আহতরা হলেন- শিশুটির বাবা নয়ন চাকমা (২৫), মা রেশমি চাকমা (২০), প্রদীপ চাকমা (৫০), মায়া রানি চাকমা (৪৫), জেরিং চাকমা (১৮) ও নিজুম চাকমা (১৫)। তারা সবাই সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও ইউপি সূত্র জানায়, রাতে ঝড়-বৃষ্টির সময় পরিবারের সবাই একটি বসতঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাত ৩টার দিকে ওই বাড়ির ওপর সরাসরি বজ্রপাত হলে ঘরে থাকা সবাই আহত হন। এ সময় বজ্রপাতের প্রচণ্ড ও বিকট শব্দে কোলের শিশু উজ্জ্বল চাকমা ঘটনাস্থলেই মারা যায়।
সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য দয়াধন চাকমা জানান, গভীর রাতে বজ্রাঘাতের বিকট শব্দে শিশুটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত ৬ জনকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। বাবা-মায়ের কোলের শিশুটি এভাবে চলে গেল এবং পরিবারের সবাই আহত হলেন। আমি সার্বক্ষণিক খোঁজখবর রাখছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













