বেনাপোল সীমান্তে ‘পুশ ইন’
শূন্যরেখায় দুই দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন ১০ জন

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’–এর অভিযোগ ঘিরে শূন্যরেখায় দুই দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন ১০ জন নারী, পুরুষ ও শিশু।
সোমবার (১ জুন) বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান না হওয়ায় তারা এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। এতে তাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও সীমান্ত সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, রোববার (৩১ মে) গভীর রাতে বেনাপোলের সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় কাঁটাতারের গেট খুলে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি প্রতিহত করে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় সীমান্তের ওপারে বিএসএফ প্রায় শতাধিক ব্যক্তিকে বিভিন্ন দলে ভাগ করে সীমান্ত এলাকায় নিয়ে আসে বলে অভিযোগ রয়েছে। পরে কয়েক দফায় তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলেও বিজিবির বাধার মুখে তা ব্যর্থ হয়।
সীমান্তে একাধিক স্থানে কাঁটাতারের গেট খুলে এবং রাতের অন্ধকারে সার্চলাইট নিভিয়ে এ ধরনের চেষ্টা করা হয় বলেও দাবি করা হয়। বিজিবি পরে পুরো সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও টহল জোরদার করে।
পরবর্তীতে সীমান্ত পিলার ১৯/এস–৬ এলাকায় ৮ থেকে ১০ জন নারী ও শিশুকে শূন্যরেখায় ঠেলে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়। তবে তারা এখনো আন্তর্জাতিক সীমারেখার মধ্যবর্তী এলাকায় অবস্থান করছেন।
বিজিবি জানিয়েছে, পতাকা বৈঠকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি। বাহিনীটির এক কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি বাংলাদেশের নাগরিক হন, তাহলে নিয়ম অনুযায়ী যাচাই–বাছাই শেষে তাদের গ্রহণ করা হবে। তবে কোনোভাবেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাউকে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া হবে না।
অন্যদিকে বর্তমানে শূন্যরেখায় অবস্থান করা ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে এবং তারা খোলা আকাশের নিচে অবস্থান করলেও তাদের খাদ্য ও পানীয় দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































