অনুমতি ছাড়া অভিযানে গিয়ে এএসআই ক্লোজড, ভুয়া ডিবিকে গণধোলাই

ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় পুলিশের এক এএসআইয়ের সঙ্গে থাকা কথিত ডিবি পরিচয়ধারী কালাম এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া অভিযানে যাওয়ার অভিযোগে রুহিয়া থানার এএসআই রুবেল রানাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুন) রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান এমব তথ্য নিশ্চিত করেন। ঘটনাটি ঘটে ঘটনাটি গতকাল দুপুরে রুহিয়া থানার আখানগর ফার্ম মোড় এলাকায়।
স্থানীয়রা জানান, সাদা পোশাকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ওই এলাকার একটি কুমড়া সংরক্ষণাগারে যান, যেখানে কয়েকজন যুবক মোবাইল ফোনে লুডু খেলছিলেন। এ সময় তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কয়েকজনের মোবাইল ফোন জব্দ করেন এবং সেখানে ‘ক্যাসিনো খেলা’ হচ্ছে বলে অভিযোগ তোলেন।
তবে মোবাইল ফোন তল্লাশি করে জুয়া বা ক্যাসিনো সংশ্লিষ্ট কোনো অ্যাপ বা তথ্য পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানান।
একপর্যায়ে ওই দুই ব্যক্তি একজন যুবকের হাতে হাতকড়া পরিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং মোবাইল ফোন পরে থানা থেকে নিয়ে আসতে বলেন। এতে উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা তাদের পরিচয় জানতে ও আইডি কার্ড দেখতে চান।
এ সময় কালাম নিজেকে ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। অপরজন রুহিয়া থানার এএসআই রুবেল রানা তার আইডি কার্ড দেখালে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে কথিত ডিবি সদস্য কালামকে আটক করে মারধর করেন স্থানীয়রা।
কুমড়া ব্যবসায়ী মুসা অভিযোগ করেন, কালাম নামের ব্যক্তিটি এর আগেও ডিবি পরিচয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেন।
মুসা বলেন, ‘সোমবারও পুলিশের সঙ্গে এসে আমার ছেলেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অথচ মোবাইল ফোন তল্লাশিতে কোনো অপরাধের প্রমাণ পাননি তারা।’
স্থানীয় বাসিন্দা সোহেল ইসলাম, বিশ্বাস রায়সহ কয়েকজন অভিযোগ করেন, পুলিশের যোগসাজশে একটি চক্র দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে ব্যবসায়ী ও দোকানদারদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ওসি বদিউজ্জামান বলেন, থানার অনুমতি ছাড়া এএসআই রুবেল রানা একজন সোর্সকে নিয়ে সেখানে যান। জুয়া খেলার অভিযোগে কয়েকজনের মোবাইল ফোন পরীক্ষা করা হলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা ওই সোর্সকে আটক করে মারধর করেন।
ওসি আরও বলেন, পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে এএসআই রুবেল রানাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সোর্সকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে ভুয়া পরিচয়ধারী এবং অনুমতি ছাড়া অভিযানে যাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
(ঢাকাটাইমস/২জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































