স্ত্রীর সামনে অশোভন আচরণের প্রতিবাদ, যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনার পাইকগাছায় স্ত্রীর সামনে এক ব্যক্তির অশোভন আচরণের প্রতিবাদ করায় হাসান সরদার (৩৫) নামে এক যুবককে দফায় দফায় নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন নিহতের চাচা সিরাজুল ইসলাম। তবে অভিযুক্তদের একজন দাবি করেছেন, স্থানীয় লোকজনের গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে।
নিহত হাসান সরদার উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মালেক সরদারের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রবিবার বিকাল পাঁচটার দিকে হাসানের স্ত্রীর সামনে স্থানীয় কুদ্দুস গাজী অশোভন আচরণ করেন। এর প্রতিবাদ করলে হাসানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কুদ্দুস গাজী ও তার সহযোগীরা হাসানকে মারধর করেন। পরিবারের অভিযোগ, পরে কয়েক দফায় তার ওপর আরও হামলা চালানো হয়।
স্বজনদের দাবি, প্রথম দফার মারধরের পর কিছুটা সুস্থ হলে হাসানকে আবারও নির্যাতন করা হয়। সন্ধ্যার দিকে এবং পরে রাতেও তার ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে নসিমনে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন কুমার সরকার বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই হাসান সরদারের মৃত্যু হয়েছিল।
নিহতের ভাতিজি মীম আক্তারসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, হাসানের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। হামলার সময় বাধা দিতে গেলে অন্যদেরও মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
মামলায় নাজমুল হুদা মিন্টু, কুদ্দুস গাজী, ইবাদত গাজী, মনিরুল ইসলাম, কবির সরদার, জহুরুল ইসলাম, আজহারুল গাজী, ইয়াসিন সরদার, পলাশ সরদার ও শুকুর আলীকে আসামি করা হয়েছে।
তবে অভিযুক্ত নাজমুল হুদা মিন্টু অভিযোগ অস্বীকার করে বলেন, হাসান সরদার মাদকসেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় লোকজনের গণপিটুনিতে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার কাজে তিনি সহযোগিতা করেছেন।
পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহতের মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় একটি এজাহার জমা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































