বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

যুদ্ধবিরতি ও ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমনের সম্ভাবনার খবর প্রকাশের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। এতে ব্রেন্ট ক্রুড ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দামই মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর রয়টার্স’র।
আজ সোমবার (১৫ জুন) ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৮ ডলার বা ৪ দশমিক ১০ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭২ শতাংশ কমে ৮০ দশমিক ৮৭ ডলারে দাঁড়ায়। এর আগে শুক্রবারও দুই ধরনের তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছিল।
বাজারে এই পতনের পেছনে মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয়ে প্রাথমিক সমঝোতার খবরকে উল্লেখ করা হচ্ছে। এছাড়া মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার অগ্রগতিও বাজারে প্রভাব ফেলেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশটির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শুক্রবার সুইজারল্যান্ডে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে পারে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালী ‘টোলমুক্ত’ করার এবং কিছু নৌ-অবরোধ প্রত্যাহারের ইঙ্গিত দেওয়া হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, খসড়া চুক্তিতে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে চলা উত্তেজনার কারণে তেলের দামে যে ভূ-রাজনৈতিক ঝুঁকি প্রিমিয়াম যুক্ত হয়েছিল, তা এখন দ্রুত কমে আসছে। ফলে সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় বিনিয়োগকারীরা বাজারে চাপ কমাচ্ছেন।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। দীর্ঘ সময় এই পথ বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছিল।
বর্তমানে বিনিয়োগকারীদের নজর রয়েছে মধ্যপ্রাচ্যের উৎপাদক দেশগুলো কত দ্রুত উৎপাদন ও রপ্তানি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে, তার ওপর।
তবে বাজার বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পারমাণবিক কর্মসূচি ও দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে আলোচনায় এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। ফলে তেলের দাম স্বল্পমেয়াদে বড় ধরনের আরও পতনের সম্ভাবনা সীমিত থাকতে পারে।
(ঢাকাটাইমস/১৫ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































