বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লম্ফন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে প্রাথমিক সমঝোতার খবরে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। একইসঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনা কমে যাওয়ার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেল ও মুদ্রা বাজারেও।
সোমবার (১৫ জুন) বাজার খোলার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। বাংলাদেশ সময় সকাল ৯টা ১২ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪,৩২২ দশমিক ৮৭ ডলারে পৌঁছায়। এটি গত ৯ জুনের পর সর্বোচ্চ মূল্য।
একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণের ফিউচার মূল্য ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৩৪৪ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। এতে টানা তিন কার্যদিবস ধরে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমনের পাশাপাশি ডলারের দুর্বল অবস্থান স্বর্ণের চাহিদা বাড়াতে ভূমিকা রেখেছে। ডলারের মান কমে যাওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে স্বর্ণ তুলনামূলকভাবে সস্তা হয়ে উঠেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা যুদ্ধবিরতি, অর্থনৈতিক অবরোধ শিথিল এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে প্রাথমিক কাঠামোতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে একটি আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে পারে।
এই সম্ভাব্য শান্তিচুক্তির খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশের বেশি কমে যায়, যা মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে বৈশ্বিক উদ্বেগ কিছুটা কমিয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ভূ-রাজনৈতিক ঝুঁকি হ্রাস এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা স্বর্ণ ও তেল বাজারে বড় প্রভাব ফেলেছে। তবে তিনি সতর্ক করে বলেন, চুক্তির বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ওপর ভবিষ্যৎ প্রবণতা নির্ভর করবে।
এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭০ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ৩ দশমিক ৩ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।
(ঢাকাটাইমস/১৫ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































