যুক্তরাষ্ট্রে স্কাইডাইভারদের নিয়ে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৬, ১০:৩১
অ- অ+

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার (১৪ জুন) সকাল ১১টা ২০ মিনিটের দিকে স্কাইডাইভিং কার্যক্রম পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের লিজ নেওয়া বিমানটি উড্ডয়ন করে।

বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্র জানান, উড্ডয়নের পর বিমানটি পর্যাপ্ত উচ্চতা অর্জন করতে ব্যর্থ হয় এবং হঠাৎ বাম দিকে মোড় নিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ১২ জনই ঘটনাস্থলেই প্রাণ হারান।

বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাটিকে “গণহতাহতের (ম্যাস ক্যাজুয়ালটি)” ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না; বরং স্কাইডাইভিং কার্যক্রমে ব্যবহৃত একটি ছোট বিমান ছিল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের। বিমানটি উড্ডয়নের সময়ই দুর্ঘটনার শিকার হয়।

এফএএ আরও জানায়, দুর্ঘটনার সময় বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সরাসরি তত্ত্বাবধানে ছিল না, কারণ ওই আকাশসীমায় এমন যোগাযোগ বাধ্যতামূলক নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন যে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কি না।

শেরিফ অ্যান্ডারসন জানান, নিহতদের কয়েকজনের পরিবারের সদস্য ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, যা পরিস্থিতিকে আরও মর্মান্তিক করে তুলেছে।

এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

কানসাস সিটি মহানগর এলাকা থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে বাটলার শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে। এফএএ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

(ঢাকাটাইমস/১৫ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়াকে ৫ গোলে বিধ্বস্ত করল সুইডেন
বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস
বেনজীর আহমেদকে ৩০ দিনের মধ্যে ফেরত নিতে বাংলাদেশকে আমিরাতের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা