ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, বুলেট ট্রেন চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ০৯:৪৪
অ- অ+

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর এবার কেঁপে উঠেছে জাপান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিখ্যাত বুলেট ট্রেন চলাচল।

জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৯ বলে জানিয়েছে। তবে শক্তিশালী এই কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলছে।

ভূমিকম্পের পরপরই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি নির্দেশনা জারি করেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন এবং প্রয়োজনীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

দেশটির মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা এক বিবৃতিতে বলেন, “এই ভূমিকম্পের কারণে বড় ধরনের সুনামির কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে মূল্যায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।”

জাপানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে উদ্বেগ দেখা দিলেও কিহারা জানান, ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কোনো পারমাণবিক কেন্দ্রে অস্বাভাবিকতা বা প্রযুক্তিগত ত্রুটির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূগর্ভের প্রায় ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া এই কম্পনের ফলে বিস্তীর্ণ এলাকায় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।

ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি (জেআর ইস্ট) শিন-আওমোরি থেকে রাজধানী টোকিও পর্যন্ত চলাচলকারী বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করে। রেললাইন ও অবকাঠামোর নিরাপত্তা পরীক্ষা শেষে ট্রেন চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে প্রায়ই মাঝারি ও শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। তবে এবারের ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও সতর্ক অবস্থানে রয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো।

(ঢাকাটাইমস/২৫ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভোটের রায় অগ্রাহ্য করলে জনগণকে অপমান করা হবে:  জামায়াত আমির 
‎জামায়াতের কারণে বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
দেশজুড়ে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত