সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

দেশে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোগ নির্ণয় সহজ ও দ্রুত করতে দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের এনএস১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জ্বরের প্রাথমিক পর্যায়ে এনএস১ পরীক্ষা করলে ডেঙ্গু দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। এতে রোগীরা দ্রুত চিকিৎসা গ্রহণের সুযোগ পান এবং জটিলতার ঝুঁকি কমে।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গত ৫ জুলাই একটি নির্দেশনা জারি করে।
উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাটি দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































