মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ
তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএর

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এসব পণ্যের বিপণন বন্ধ করতে বলা হয়েছে।
বিএফএসএর এক নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রত্যাহারের নির্দেশ পাওয়া পণ্যগুলো হলো— ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
নির্দেশনায় বিএফএসএ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাজার থেকে পণ্যগুলো প্রত্যাহার করে বিপণন বন্ধ করার নির্দেশ দিয়েছে।
একই সঙ্গে ভোক্তাদের এসব খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































