দেশের সব মাদরাসায় চারটি ফুটবল দল গঠনের নির্দেশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৬, ১০:০৭
অ- অ+

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে দেশের সব মাদরাসায় চারটি করে ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দাখিল ও আলিম স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে দল গঠন করে বোর্ডে তথ্য পাঠাতে হবে।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করবেন। একই দিন ও একই সময়ে সারা দেশে টুর্নামেন্টের কার্যক্রম শুরু হবে।

টুর্নামেন্টকে সামনে রেখে প্রতিটি মাদরাসায় শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে চারটি ফুটবল দল গঠন করতে হবে। এর মধ্যে দাখিল (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল এবং আলিম (প্রথম ও দ্বিতীয় বর্ষ) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, গঠিত দলগুলোর জন্য অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করে শিক্ষার্থীদের খেলার প্রতি আগ্রহ ও দক্ষতা বৃদ্ধি করার উদ্যোগ নিতে হবে।

মাদরাসা শিক্ষা বোর্ড মনে করছে, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা এবং সুস্থ জীবনধারা গড়ে তোলা সম্ভব। তাই ফুটবল টুর্নামেন্টকে সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সব প্রতিষ্ঠানে দল গঠন সম্পন্ন করে [email protected] ই-মেইল ঠিকানায় সংশ্লিষ্ট তথ্য পাঠাতে হবে।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

(ঢাকাটাইমস/২২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভরা মৌসুমেও ইলিশের আকাল, কেজি ৩ হাজার ২০০ টাকা
সবুজবাগে বিএনপির কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ববাজারে তেলের দামে নতুন করে উল্লম্ফন
নাটোরে রূপপুরগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, রুশ নাগরিকসহ আহত ১২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা