টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

দেশের টেক্সটাইল খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল সাংবাদিকদের এ তথ্য জানান।
বিটিএমএ সভাপতি বলেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং আগের কোনো সরকারই এর কার্যকর সমাধান করতে পারেনি। বর্তমান সরকার বিভিন্ন দিক বিবেচনা করে পদক্ষেপ নিচ্ছে। তবে এসব সমস্যার পুরোপুরি সমাধানে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে।
তিনি বলেন, উদ্যোক্তারা সরকারকে এই সময় দিতে প্রস্তুত। সরকার আন্তরিকভাবে কাজ করলে দেশের বস্ত্র খাত আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শওকত আজিজ রাসেল জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস, বিদ্যুৎ সংকটের পাশাপাশি টেক্সটাইল খাতের আর্থিক সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে টেক্সটাইল খাতে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। নতুন গঠিত কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে এবং খাতটির সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা করবে।
বিটিএমএ সভাপতি আরও বলেন, সরকার বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালুর যে উদ্যোগ নিয়েছে, তা সফল হলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতা ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত টেক্সটাইল শিল্প আবারও শক্তিশালী অবস্থানে ফিরে আসবে।(ঢাকাটাইমস/২২ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































