ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৬, মামলা ৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২১ জন, লালবাগ বিভাগ থেকে ৩৮ জন, ওয়ারী বিভাগ থেকে ১০৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৪ জন, মিরপুর বিভাগ থেকে ৮৩ জন, গুলশান বিভাগ থেকে ৩৮ জন, উত্তরা বিভাগ থেকে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, একটি মাইক্রোবাস, একটি কার্টার, একটি চাকু, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(ঢাকাটাইমস/২৩ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































