সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকাল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনার বিষয়ে স্পিকার কথা বলবেন।
চিকিৎসার জন্য ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাই তার ফেরার জন্য ফিরতি টিকিট কাটা ছিল। কিন্তু এর মধ্যেই বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়। এমন প্রেক্ষাপটে নির্ধারিত সময়ের দুদিন আগেই স্পিকার আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দেশে ফিরেছেন।
স্পিকারের আগাম দেশে ফেরার খবর রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনাকে আরও জোরদার করেছে। কারণ, নিয়মানুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে।
তবে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, এক সপ্তাহ বিদেশে থাকায় তিনি কিছুই জানেন না।সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি। তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরেছেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































