তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি কাটাতে খেলাধুলার বিকল্প নেই: এ্যানি

পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে ক্লাসমুখী-বইমুখী করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজ শনিবার দুপুরে দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সন্তানদের মেধা বিকাশ ও সঠিক পথচলায় অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে। ‘সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং মোবাইলে কতটা সময় ব্যয় করছে সেদিকে মা-বাবাকে কড়া নজর রাখতে হবে। পারিবারিক সচেতনতাই পারে সন্তানকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে পড়ার টেবিলে ফিরিয়ে আনতে। পাশাপাশি সরকার শিক্ষার্থীদের জন্য নানা উদ্যোগ নিচ্ছে, সে অনুযায়ী কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, ডিজিটাল ডিভাইসের অপব্যবহার ও মাদকের ছোবল তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। শিক্ষার্থীদের এসব ক্ষতিকর আসক্তি থেকে মুক্ত করে পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবক ও শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর এবং দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































