তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, ১৫:২৯| আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৫:৩১
অ- অ+

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এটি বাংলাদেশে তার প্রথম সফর।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পৃক্ততার প্রেক্ষাপটে এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, সফরের প্রথম দিন সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। সফরের শেষ দিনে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। তার এ সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকগুলোতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, চীন, ভারত ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদার দেশের সঙ্গে সম্পর্ক, আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে।

জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির জ্যেষ্ঠ গবেষণা ফেলো মুহাম্মদ সুফিউর রহমান বলেন, নতুন সরকারের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা নিতেই সার্জিও গরের এই সফর। তাঁর মূল্যায়ন ভবিষ্যতে বাংলাদেশকে ঘিরে ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণে প্রভাব ফেলতে পারে।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান মনে করেন, বিশেষ দূত হিসেবে সার্জিও গরের প্রথম বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের আগস্টে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা সার্জিও গরকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। এরপর থেকেই তিনি ওয়াশিংটনের দক্ষিণ এশিয়াবিষয়ক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে দায়িত্ব পালন করছেন।

চলতি বছরের জানুয়ারিতে তিনি নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ভারতকে আঞ্চলিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে রেখে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক জোরদারের দায়িত্ব পালন করছেন তিনি।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে সার্জিও গরের এই সফর অর্থনৈতিক অংশীদারত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

(ঢাকাটাইমস/৩০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Call for Sustainable Economy by Reducing Dependence on Foreign Funding: National Professor Mahbub Ullah
আত্মনির্ভরশীল অর্থনীতি গড়তে অভ্যন্তরীণ মূল্য সংযোজন বাড়ানোর আহ্বান জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর
২০২৭ সালের হজের খরচ কমবে অন্তত ৪০ হাজার টাকা
গোলাপগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার বহরে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিস আলমের গাড়ি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা