১৮ আগস্ট দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ১৮ আগস্ট রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এনবিআর সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সম্মেলনে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত স্টলগুলো ঘুরে দেখার পর বিকেলের দিকে রাজস্ব সংগ্রহ ও রাজস্ব জাল সম্প্রসারণসংক্রান্ত স্টলগুলো সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
দ্বিতীয় রাজস্ব সম্মেলনে প্রায় ১ হাজার ৫০০ অতিথির অংশগ্রহণের কথা রয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং অর্থনীতি, রাজস্ব ও বাণিজ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা এতে উপস্থিত থাকবেন।
এর আগে ২০২৩ সালে প্রথমবারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করেছিল এনবিআর। রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই দুই দিনব্যাপী সম্মেলনে এনবিআরের কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ভ্যাট, শুল্ক ও আয়কর বিষয়ে পৃথক সেমিনার, তথ্য বুথ এবং রাজস্ব ব্যবস্থার ইতিহাস তুলে ধরতে ‘রেভিনিউ মিউজিয়াম’ প্রদর্শনের ব্যবস্থা ছিল।
এবারের সম্মেলন সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে এনবিআর। সম্মেলনের সাজসজ্জা, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন, অতিথি তালিকা প্রণয়ন ও অভ্যর্থনাসহ বিভিন্ন কাজের জন্য ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সার্বিক তদারকির জন্য ৩১ সদস্যের একটি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
স্টিয়ারিং কমিটির সভাপতি করা হয়েছে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসান।
সংশ্লিষ্টরা জানান, রাজস্ব সম্মেলনের মাধ্যমে জনগণ ও ব্যবসায়ীদের কাছে এনবিআরের কার্যক্রম, রাজস্ব আদায়ের পদ্ধতি এবং বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরা হবে। পাশাপাশি এনবিআর সম্পর্কে বিদ্যমান নেতিবাচক ধারণা কমানো এবং রাজস্ব ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এনবিআরের নতুন চেয়ারম্যান রাজস্ব প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সংস্কার কার্যক্রম নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/০৪ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































