মহেশখালীর বিকল এলএনজি টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

মহেশখালীর বিকল হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল আংশিকভাবে চালু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাত ৩টার দিকে টার্মিনালটি চালু করা হয়। এরপর সেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যার মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
সমুদ্রপথে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) গ্রহণ, সংরক্ষণ ও পুনরায় গ্যাসে রূপান্তরের কাজ করে ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ। পরে পাইপলাইনের মাধ্যমে সেই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
মহেশখালীতে বর্তমানে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এর মধ্যে এক্সিলারেট এনার্জির টার্মিনালের দৈনিক রিগ্যাসিফিকেশন সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সামিট এলএনজি টার্মিনালের সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট।
দুই সপ্তাহ আগে এক্সিলারেট এনার্জির টার্মিনালটি বিকল হয়ে যাওয়ার পর আমদানি করা এলএনজি থেকে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে। এতে বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকরা সংকটে পড়েন।
এর আগে টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার কথা জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছিলেন, প্রাথমিকভাবে বয়লার বিস্ফোরণের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতে সময় লাগছে।
তিনি আরও জানিয়েছিলেন, মেরামতের প্রথম ধাপ শেষ হলে টার্মিনালটি থেকে দৈনিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে দৈনিক প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।
এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়।
(ঢাকাটাইমস/০৬ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































