রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

রাঙামাটির সদর উপজেলার মানিকছড়িতে পিকআপ উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিকআপের চালকও রয়েছেন।
আজ রবিবার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শান্তি রঞ্জন চাকমা ও শোভা চাকমা। তাদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
আহতরা হলেন পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা। তারা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে কয়েকজন যাত্রী নিয়ে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল একটি পিকআপ। পথে মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কে উল্টে যায়। এতে পিকআপে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হলে পথে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজন গুরুতর আহতকে চট্টগ্রামে রেফার করা হয়েছিল। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































