ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র: নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে চলমান ছয় মাসের তীব্র যুদ্ধের মধ্যে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ইরানের ইসলামি প্রজাতন্ত্র এখন পতনের দ্বারপ্রান্তে। বুধবার দক্ষিণ সিরিয়ায় মোতায়েন করা ইসরায়েলি সেনাদের পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে সঙ্গে নিয়ে ইসরায়েল-সিরিয়া সীমান্তের মাউন্ট হারমোন এলাকায় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের এখনো কিছু কাজ বাকি আছে। আর প্রধান কাজ হলো ইরানের সন্ত্রাসী শাসকের পতন ঘটানো। আমরা এর খুব কাছাকাছি পৌঁছে গেছি। তিনি দাবি করেন, শেষ পর্যন্ত তাদের পুরো চক্রেরই পতন ঘটবে এবং কোনো সন্ত্রাসী বাহিনীকে ইসরায়েল তার সীমান্তে আস্তানা গড়তে দেবে না।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর থেকেই দক্ষিণ সিরিয়ার একটি ‘নিরাপত্তা বলয়ে’ অবস্থান করছে ইসরায়েলি বাহিনী। ১৯৭৪ সাল থেকে এটি জাতিসংঘের একটি বাফার জোন ছিল। দুই সপ্তাহ আগে প্রতিরক্ষামন্ত্রীর পরিদর্শনের কড়া নিন্দা জানিয়ে এটাকে ‘সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন’ বলেছিল দামেস্ক।
মূলত আসাদের পতনের পর থেকেই সিরিয়ায় শত শত হামলা ও অনুপ্রবেশ চালিয়েছে ইসরায়েল। তারা বিস্তৃত নিরস্ত্রীকরণ এলাকা গড়তে এই নিরাপত্তা বলয়ে স্থায়ীভাবে সেনা রাখার ঘোষণাও দিয়েছে।
নেতানিয়াহু এমন সময়ে এই হুমকি দিলেন, যখন কৌশলগত হরমুজ প্রণালি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র অচলাবস্থা চলছে। গত ফেব্রুয়ারির শেষে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল, তার ছয় মাস পূর্ণ হয়েছে এবং গত এক সপ্তাহে উভয় পক্ষ প্রণালিতে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







