ফারাক্কার ১০৯ গেট খোলা: পদ্মায় পানি বাড়ছে, বন্যার শঙ্কা

পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। এতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর চর ও নিচু নদীতীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমান হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যে আরও চরাঞ্চল ও বসতবাড়িতে পানি ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।
মোস্তফা কামাল পলাশের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর ফারাক্কায় গঙ্গা নদীর পানির উচ্চতা ২৩ দশমিক ৭৫ মিটারে পৌঁছেছে। সেখানে স্থানীয় বিপৎসীমা ২২ দশমিক ২৫ মিটার। অর্থাৎ পানির উচ্চতা স্থানীয় বিপৎসীমার প্রায় দেড় মিটার ওপরে রয়েছে।
তিনি জানান, ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটই খোলা রয়েছে। ব্যারাজ দিয়ে মোট প্রায় ১৬ লাখ কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। এর মধ্যে প্রায় ৪০ হাজার কিউসেক পানি ফিডার খাল দিয়ে যাচ্ছে।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কয়েকটি নদী তীরবর্তী এলাকায় নতুন করে নদীভাঙন দেখা দিয়েছে বলেও জানান এই গবেষক।
মোস্তফা কামাল পলাশ বলেন, ফারাক্কা দিয়ে বাড়তি পানির প্রবাহ একই মাত্রায় বাংলাদেশে প্রবেশ করায় পদ্মা নদীর পানিও দ্রুত বাড়তে শুরু করেছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যে আরও চরাঞ্চল ও বসতবাড়িতে পানি ঢোকার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর চরাঞ্চল এবং নিচু নদীতীরবর্তী এলাকাগুলোতে বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












