র্যাব বিলুপ্ত, অস্ত্র-সরঞ্জামের কী হবে? সংসদে স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়েছে। র্যাবের অস্ত্র, সরঞ্জাম ও অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করে নতুন সংস্থায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
র্যাবের অস্ত্র ও অন্যান্য সম্পদ নতুন বাহিনীতে হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রের সম্পদ নষ্ট করা যাবে না। র্যাবের কাছে থাকা অস্ত্র, সরঞ্জাম, গোয়েন্দা সরঞ্জামসহ বিভিন্ন সম্পদ কোথাও না কোথাও হস্তান্তর করতে হবে। এসব সম্পদ নতুন সংস্থায় দেওয়া হবে, যাতে নতুন করে সেগুলো কেনার প্রয়োজন না হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এত অস্ত্র-সস্ত্র, এত ইকুইপমেন্ট, এত ইন্টেলিজেন্স ইকুইপমেন্ট, এত সম্পদ—এগুলো কোথায় যাবে? কোথাও না কোথাও তো যাবে। রাষ্ট্রের সম্পদ।’
তিনি আরও বলেন, এসব সম্পদ এপিবিএনেও যেতে পারত অথবা নতুন সংস্থায় যেতে পারে। নতুন সংস্থা গঠন করা হলে সেখানে আবার একই ধরনের সরঞ্জাম কেনার প্রয়োজন নেই। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করাই সরকারের দায়িত্ব।
র্যাব বিলুপ্ত নিয়ে যা বললেন
র্যাব বিলুপ্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকারের সঙ্গে যুক্ত। নির্বাচনী ইশতেহারেও র্যাব বিলুপ্ত করার কথা ছিল বলে উল্লেখ করেন তিনি।
বিরোধীদলের পক্ষ থেকে বিলটি দ্রুত পাসের বিষয়ে আপত্তির জবাবে তিনি বলেন, বিলটি নিয়ে সংসদের প্রথম সেশন থেকেই আলোচনা হয়েছে। পরে দ্বিতীয় ও তৃতীয় সেশনেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিলটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সংসদে বিল উত্থাপনের পর চার-পাঁচ কার্যদিবস আলোচনা হয়েছে। স্থায়ী কমিটিতেও আলোচনা হয়েছে এবং বাইরের বিভিন্ন অংশীজনের মতামত বিবেচনায় নেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












