সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আনসার-ভিডিপির সদস্যদের যুক্ত করার পরিকল্পনা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সদস্যদের আত্মকর্মসংস্থানে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতা ও কারিগরি সহায়তার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় সঞ্জীবন প্লাটুনের সদস্যদের মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক কর্মকাণ্ডে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়।
আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, সদস্যদের চাকরির ওপর নির্ভরতা কমিয়ে দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে ২০২৬ সালের শুরু থেকে উপজেলা ও গ্রাম পর্যায়ে ‘সঞ্জীবন প্লাটুন’ গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, প্রাণিসম্পদ অধিদপ্তরের কারিগরি নির্দেশনা অনুসরণ করে সঞ্জীবন প্লাটুনের সদস্যরা গাভি, ছাগল, গাড়ল ও ভেড়া পালন এবং মুরগির খামার গড়ে তুলতে পারবেন। পাশাপাশি মাছ চাষ, সমন্বিত মৎস্য চাষ ও মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগেও তাঁদের যুক্ত করার সুযোগ রয়েছে।
এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের সুযোগ এবং উৎপাদন উপকরণ ও বাজারসংযোগের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা হয়েছে।
আনসার-ভিডিপির পক্ষ থেকে বলা হয়েছে, বাহিনীর সদস্যদের স্থানীয় পর্যায়ে বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগিয়ে পুকুর, জলাশয় ও পতিত জমির পরিকল্পিত ব্যবহার করা যেতে পারে। এতে মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনের পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে।
আনসারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রায় ৬০ লাখ আনসার-ভিডিপি সদস্যের পরিবারকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সম্ভাবনা রয়েছে। সঞ্জীবন প্লাটুনের মাধ্যমে মৎস্য, ডেইরি, পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণ করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখা সম্ভব হবে।
এ উদ্যোগ বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত সহযোগিতার প্রয়োজন হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











