ক্ষুদ্র জনগোষ্ঠী ও বৃহৎ জনগোষ্ঠী বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: জাহাঙ্গীর আলম

ঘর বসে মুখে বৈষম্য দূরীকরণের কথা বললে হবে না। বাস্তবে মাঠে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে হবে। কে ধনী, কে দরিদ্র, কে হিন্দু, কে মুসলিম, কে আদিবাসী তা দেখার সময় নেই। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি। বর্তমান সরকার সৌহার্দ্য সম্প্রতির মেল বন্ধনে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) পল্লী শ্রী অডিটোরিয়ামে জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এবং ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ফেসিং প্রকল্পের আওতায় নাগরিক প্লাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।
বেসরকারি সংগঠনগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান এনজিওগুলো সামাজিক উন্নয়নের থেকে ঋণ কার্যক্রম নিয়েই ব্যস্ত। মুখে, সভা, সেমিনারে জেন্ডার সমতা বা বৈষম্য নিরসনের কথা বলে, কিন্তু বাস্তবে বাস্তবায়নে ততটা উদ্যোগ তেমন লক্ষ করা যায় না। দেশে তেল, গ্যাস, সার নিয়ে ফ্যাসিবাদী শক্তি মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। দেশে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বহির্বিশ্বেই জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু যথেষ্ট সরবরাহ রয়েছে। বিগত স্বৈরাচার , ফ্যাসিবাদের আমলে কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমাদের সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড, পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে। যা পর্যায়ক্রমে সকলে পাবে।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠনের বক্তারা বলেন সমাজে জেন্ডার বৈষম্য দূরীকরণ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবামুখী প্রতিষ্ঠানে নাগরিকদের কার্যকর সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, প্রান্তিক ও সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ সহজে পৌঁছে দিতে এবং সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক আজহারুল আজাদ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সমাজসেবার উপপরিচালক মো. আব্দুল মতিন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী, সনাকের সভাপতি লায়লা চৌধুরী, সাংস্কৃতিক কর্মী ফেন্সি প্রমুখ।
(ঢাকা টাইমস/২১সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











