ব্রাহ্মণবাড়িয়ায় মিলল হবিগঞ্জের যুবকের হাত-মুখ স্কচটেপ পেঁচানো মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরজান মিয়া (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টা দিকে উপজেলার কলেজ মোড় এলাকার মামুন মার্কেটের দক্ষিণ দিকে একটি ঝোঁপঝাড় থেকে হাত ও মুখে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরজান হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
জানা যায়, রবিবার সন্ধ্যার পর থেকে অটোচালক আরজান মিয়া নিখোঁজ ছিলেন। সোমবার সকালে পরিবারের লোকজন হবিগঞ্জের লাখাই থানায় গিয়ে আরজানের নিখোঁজের বিষয়টি জানায়। এর কিছুক্ষণের মধ্যে পরিবারের লোকজন অজ্ঞাত পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মরদেহ উদ্ধারের খবর জানতে পারে। পরে ঘটনাস্থলে গিয়ে আরজানের পরিচয় শনাক্ত করে।
নিহতের বাবা আব্দুল আউয়াল জানান, তার ছেলে প্রতিদিনের মতো রবিবার সকাল ৯টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সর্বশেষ রাত ৮টার দিকে ছেলের সঙ্গে তার ফোনে কথা হয়। এরপর রাত ৯টার পর থেকে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নাসিরনগর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে স্থানীয় পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ও শরীরে আঘাতের চিহ্ন রযেছে। ঘটনাটির তদন্তে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি কিভাবে নাসিরনগরে ওই স্থানে আসল, কারা তাকে সেখানে নিয়ে এসেছে এবং কি কারণে তার মৃত্যু হয়েছে এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পিবিআই ও ডিবি পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধাীন।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











