বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, আদালতে ৯ লাখ টাকায় আপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৩
অ- অ+

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মীমকে (২৪) গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে আসামিপক্ষের ৯ লাখ টাকায় আপস হয়েছে। আপসনামায় বাদীপক্ষ সই করেছে এবং আসামি জামিনে মুক্তি পেলে বা খালাস পেলে তাদের কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে আসামিদের হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী আলমগীর হোসেন আদালতকে আপসের বিষয়টি জানান।

আইনজীবী বলেন, দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়েছে। ইতোমধ্যে ওই টাকা নিহতের পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে। আপসনামায় স্বাক্ষর করে তারা আসামির জামিন বা খালাসের বিষয়ে কোনো আপত্তি না থাকার কথা জানিয়েছেন।

আলমগীর হোসেন বলেন, নিহত মেহেদী হাসান মীম বাক্প্রতিবন্ধী ছিলেন এবং কানেও শুনতেন না। দুর্ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় উভয় পক্ষের সম্মতিতে মধ্যস্থতার মাধ্যমে ৯ লাখ টাকা দেওয়া হয়েছে। পরিবারের মা-বাবা বৃদ্ধ হওয়ায় তাদের দেখাশোনার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আপসের স্থান সম্পর্কে জানতে চাইলে আইনজীবী জানান, শান্তা মরিয়ম নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের অফিসে দুই পক্ষের উপস্থিতিতে এ আপস হয়। সেখানে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিদের পাশাপাশি নিহতের মামা-ভাই এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

নিহতের পরিবারকে কোনো ধরনের ভয়ভীতি বা চাপ দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, তাদের কোনো ভয়ভীতি দেখানো হয়নি এবং তারা নিজেরাই আপসে সম্মত হয়েছেন।

আইনজীবী আরও জানান, নিহতের পরিবার প্রথমে ১০ লাখ টাকা দাবি করেছিল। পরে উভয় পক্ষের সম্মতিতে ৯ লাখ টাকা নির্ধারণ করা হয়।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর বারিধারা ১ নম্বর সড়কের ফুটপাতে বসে থাকা নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মীমকে একটি প্রাইভেটকার চাপা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাতে উঠে মেহেদীকে সজোরে ধাক্কা দেয়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার পর গাড়ির চালকের আসন থেকে কিশোর আজান আলী শরীফ বেরিয়ে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গাড়ির অপর পাশ থেকে বেরিয়ে আসেন আকাশ মারক, যিনি আজানের বাবা আব্বাস আলী শরীফের গাড়িচালক হিসেবে কর্মরত।

স্থানীয়রা আজানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে প্রথমে তাকে মামলায় আসামি করা হয়নি। নিহতের ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় গাড়িচালক আকাশ মারককে আসামি করা হয়।

পরে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গাড়ি চালানোর সময় আজানকে দেখা যাওয়ার দাবি ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয় এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পরে বুধবার সন্ধ্যায় আজানকে গ্রেপ্তার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, আজান আলী শরীফ গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী। তার বাবা আব্বাস আলী শরীফ বাংলাদেশ বিমানের পাইলট। দুর্ঘটনায় ব্যবহৃত প্রোটন এস৭০ গাড়িটি আব্বাস আলী শরীফের স্ত্রী সিগমা আব্বাসের নামে নিবন্ধিত।

এদিকে মামলায় নাম থাকা গাড়িচালক আকাশ মারক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপসের বিষয়টি বৃহস্পতিবার আদালতে আসামিপক্ষের আইনজীবী তুলে ধরেন। এখন এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের ওপর পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ভর করবে।

মামলার এজাহারে বলা হয়েছে, আকাশ মারক (৪৪) বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মেহেদী হাসানকে চাপা দেন। এতে মেহেদীর মাথা, বুক ও পিঠে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে আকাশ মারক পলাতক রয়েছেন। দুর্ঘটনায় ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হবে।

এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, ‘নিহত মেহেদীর বড় ভাই গাড়িটির চালক আকাশ মারকের নাম উল্লেখ করে মামলা করেছেন। ওই কিশোরের নাম মামলায় উল্লেখ করা হয়নি। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হবে।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
বগুড়ায় মাইক্রোবাস-ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ২
ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে সিএনএনসহ ৩ গণমাধ্যম
গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ