ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।
আজ সোমবার (৮ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
নিহত ব্যক্তিরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী, শিশু আলিফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়া এলাকার মৌসুমী দাস এবং নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে বৈশামুড়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন। গুরুতর আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়। এছাড়া আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন।
উদ্ধারকারীরা বাসের ভেতর থেকে ১৫ জন আহত যাত্রীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।”
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/৮ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































