টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফের শাহপরী এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ থানার শাহপরী এলাকার নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা সংকেত উপেক্ষা করে দ্রুত পাশের গোলারচর এলাকায় নৌকাটি রেখে পালিয়ে যান।
পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মাদক ও নৌকার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































