৮ ঘণ্টা পর দিনাজপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

দিনাজপুর জেলা কৃষকদলের সদস্য সচিব ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. মুজিবুর রহমান মুজিবের মুক্তিসহ তিন দফা দাবিতে ডাকা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সড়ক অবরোধ ও ধর্মঘট ৮ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।
কৃষকদলের সদস্য সচিব ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিবের মুক্তি, সিআইডি ইন্সপেক্টর নওবুর রহমানকে স্যান্ড রিলিজ এবং দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নুরুন্নবীকে অপসারণের দাবিতে ১১ আগস্ট (মঙ্গলবার) সকাল থেকে দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।
দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখায় দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। এমনকি জরুরি সেবা ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন রোগীরা।
জনগণের এই ভোগান্তি লাঘবে জেলা প্রশাসক কার্যালয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয়।
জরুরি সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, মোটর পরিবহন মালিক সমিতির সভাপতি ভবানী শংকর আগরওয়াল, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম প্রমুখ।উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় কর্মরত সিআইডি ইন্সপেক্টর নওবুর রহমানকে জেলা কৃষকদলের সদস্য সচিব ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য মুজিবুর রহমান মুজিব চড় দেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। পরবর্তীতে পুলিশি হেফাজতে তাকে শারীরিক নির্যাতনের অভিযোগে এই ধর্মঘটের ডাক দিয়েছিল মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।
(ঢাকাটাইমস/১১আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































