হজের নিবন্ধন শেষ আজ, কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৭
অ- অ+

২০২৭ সালের পবিত্র হজের চূড়ান্ত নিবন্ধনের সময় আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে আজ শনিবার। শুক্রবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭০ হাজার ৮৬৪ জনসহ মোট ৭৫ হাজার ৯১৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। ফলে নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটার বিপরীতে বর্তমানে ২ হাজার ৫৮২টি আসন খালি রয়েছে।

তবে নিবন্ধন প্রক্রিয়ায় আরও প্রায় ১৩ হাজার ‘আনপেইড ভাউচার’ রয়েছে। এসব ভাউচারের বিপরীতে অর্থ জমা পড়লে নির্ধারিত কোটার তুলনায় হজযাত্রীর সংখ্যা আরও বেড়ে যাবে। এতে কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী নিয়ে জটিলতা তৈরি হতে পারে। আজ শনিবার এসব ভাউচারের অর্থ জমা দেওয়ার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার বিমান ভাড়া কমানোসহ নানা সুযোগ-সুবিধা বাড়ানোয় এবার হজযাত্রীদের আগ্রহ বেড়েছে। ফলে নির্ধারিত কোটার বাইরেও অনেকে হজ পালনের জন্য আগ্রহ দেখাচ্ছেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের পর হজের নিবন্ধনের সময় আর বাড়ানোর পরিকল্পনা নেই। প্রাক্-নিবন্ধিত হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের সাড়ে ৩ লাখ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছিল।

বাংলাদেশের জন্য ২০২৭ সালের হজে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। গত ২৭ জুলাই চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি আরবকে জানানো হবে। ওই তালিকার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, আবাসন ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হবে।

এদিকে নির্ধারিত কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী ইতোমধ্যে হজ পালনে আগ্রহ দেখিয়েছেন। এর সঙ্গে প্রায় ১৩ হাজার আনপেইড ভাউচার থাকায় নিবন্ধনের অর্থ পরিশোধ শেষ হলে কোটার অতিরিক্ত হজযাত্রীর প্রকৃত সংখ্যা আরও স্পষ্ট হবে।

তবে সৌদি আরবের অনুমোদন ছাড়া কোটার বাইরে অতিরিক্ত হজযাত্রী নিবন্ধন করা হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বাড়তি কোটা পাওয়ার বিষয়ে ইতোমধ্যে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

সংশ্লিষ্টরা জানান, নভেম্বরে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি হওয়ার কথা রয়েছে। ওই চুক্তির আলোচনায় দুই দেশের মধ্যে হজের কোটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। চলতি বছরের জন্য নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটা বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, অতিরিক্ত আগ্রহী হজযাত্রীদের সুযোগ দিতে কতটি বাড়তি কোটা প্রয়োজন, তা নিয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সৌদি আরবের কাছে বাড়তি কোটা চেয়ে প্রস্তাব দেওয়া হতে পারে।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগের সংশ্লিষ্টতার সন্দেহে জাসদ কার্যালয় থেকে অর্ধশতাধিক আটক
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে পিএইচএবির নিন্দা
সিরাজদিখানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার