১৯৭৬ সালে পুলিশ পদকের প্রবর্তন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্বরাষ্ট্র সিনিয়র সচিব

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে পুলিশ পদকের প্রবর্তন করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
শনিবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে 'পুলিশ সপ্তাহ ২০২৬’ এর পদক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে পুলিশ পদকের প্রবর্তন করেছিলেন। তারই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে এই পদকের পরিধি আরও বৃদ্ধি পেয়েছে।
পুলিশের সদস্যদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে পদক দেওয়ার ধারাবাহিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, এর অংশ হিসেবে এবার ৯২ জনকে পুলিশ পদকের জন্য নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগেও ছয়জনকে পদক দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ‘আমি এই অনুষ্ঠানে পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অভিনন্দন জানাচ্ছি।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পদকপ্রাপ্ত পুলিশ সদস্যগণ ও তাঁদের পরিবারবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












