বাংলাদেশ ভ্রমণে কানাডার নাগরিকদের কড়া সতর্কতা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১৫:১২
অ- অ+

বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কানাডা সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় বাংলাদেশ সফরের সময় উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। যেকোনো সময় বিক্ষোভ বা রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং যানবাহন চলাচলসহ যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

কানাডা সরকার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ও অপহরণের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত বলেও জানানো হয়েছে।

কানাডার সতর্কবার্তায় রাজধানী ঢাকায় সন্ত্রাসী হামলার ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে। হোটেল, উপাসনালয় ও পর্যটনকেন্দ্রের মতো জনসমাগমপূর্ণ স্থানে অতীতে হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

এ ছাড়া বিদেশি নারী ভ্রমণকারীদের রাতে একা চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও তুলে ধরেছে কানাডা। সতর্কবার্তায় টাইফয়েড, হেপাটাইটিস ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি রয়েছে বলে জানানো হয়েছে।

পাশাপাশি দেশের চিকিৎসাব্যবস্থা অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নয় বলেও সতর্ক করা হয়েছে। গুরুতর অসুস্থতার ক্ষেত্রে রোগীকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে স্থানান্তরের প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করেছে কানাডা সরকার।

বাংলাদেশের স্থানীয় আইন ও বিধিনিষেধ মেনে চলার বিষয়েও নাগরিকদের সতর্ক করেছে কানাডা। সতর্কবার্তায় বলা হয়েছে, মাদকসংক্রান্ত অপরাধে বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে।

এ ছাড়া মুসলিমদের জন্য মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং সরকারি স্থাপনার ছবি তোলার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

কানাডা সরকার বাংলাদেশ ভ্রমণকারী নাগরিকদের স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখা, সতর্কতার সঙ্গে চলাফেরা এবং যেকোনো বিক্ষোভ বা রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
পদোন্নতি-পদায়ন জটিলতা নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা