জাতিসংঘ অধিবেশনে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের আয়োজনে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের অনুষ্ঠানে এ সাক্ষাৎ হয়। মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে জুবাইদা রহমান অনুষ্ঠানে অংশ নেন।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের স্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেন। ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ জোটের লক্ষ্য শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ বাড়ানো এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহারের মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা।
অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইনে শিশুদের নিরাপত্তার মতো বিষয় গুরুত্ব পায়। মেলানিয়া ট্রাম্পের উদ্যোগটি শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে শিশুদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অনলাইন নিরাপত্তাকে গুরুত্ব দেয়।
এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ বৈঠকেও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। ওই আয়োজনে শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহারের মতো বিষয় নিয়ে আলোচনা হয়।
‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগটি ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের সময় মেলানিয়া ট্রাম্প চালু করেন। এর আওতায় শিক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে শিশুদের কল্যাণ এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতার কথা বলা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













