সিরাজগঞ্জে সার মজুতের কারণে জামায়াত নেতার পদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড পাওয়া উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মনিরুল ইসলামের দলীয় সব পদ বাতিল করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মনিরুল ইসলামের রুকনিয়াত বা সদস্যপদ বাতিল করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সার গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
অভিযানে বিধিবহির্ভূতভাবে সার গুদামজাত করার অভিযোগে এই সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় ১৮ বস্তা ইউরিয়া সার।
অভিযানের পর অর্থদণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম দাবি করেছিলেন, তিনি ২০০ বস্তা সার বরাদ্দ পেয়েছিলেন। বিতরণ করার পর কিছু সার নিজের আবাদি জমি ও বাদ পড়া কৃষকদের জন্য গুদামে রেখেছিললেন।
তিনি দাবি করেন, বিএনপি নেতাকর্মীরা উদ্দেশ্যমূলক ভাবে প্রশাসনকে ডেকে এনে তাকে জরিমানা করিয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম বলছেন, সদস্যপদ বাতিল করায় মনিরুল ইসলাম সংগঠনটির নায়েবে আমীর (২) পদেও আর দায়িত্ব পালন করতে পারবেন না। তবে সাধারণ সমর্থক হিসেবে থাকতে পারবেন।
এদিকে মনিরুল ইসলামকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা করেছিল জামায়াত ইসলামী।
এ প্রসঙ্গে জানতে চাইলে শহীদুল ইসলাম বলেন, দলের পক্ষ থেকে নির্বাচনে মনিরুল ইসলাম প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। জেলা জামায়াতের সভায় পরবর্তীতে বিষয়টি চূড়ান্ত করা হবে।
(ঢাকা টাইমস/৪অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











