বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপের পূর্বাভাস, বৃষ্টি-বজ্রঝড়ের পাশাপাশি বাড়তে পারে তাপপ্রবাহ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬, ০৯:০২
অ- অ+

বঙ্গোপসাগরে চলতি আগস্টে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মাসজুড়ে কয়েক দফা বজ্রঝড় এবং এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সম্প্রতি প্রকাশিত আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে স্বাভাবিকের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে পাঁচ থেকে ছয় দিন বজ্রঝড়েরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগস্টে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। মাসটিতে এক থেকে দুটি বিচ্ছিন্ন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহ বলতে ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহ বলতে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বোঝানো হয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্টে দেশের প্রধান নদ-নদীর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। মৌসুমি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ ছাড়া এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে আজ শনিবার (৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার সকালে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এদিকে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে, ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

(ঢাকাটাইমস/০৮ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক যুব দিবসে মিরসরাইয়ে বৃক্ষরোপণ
১৯ বছরেও বাস্তবায়ন হয়নি সরকারি কাঁচাবাজার, যানজটে নাকাল বগুড়াবাসী
বদলে গেল দোকান-শপিংমল বন্ধের সময়, নতুন নির্দেশ সরকারের
মির্জাপুরে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে  সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা