জ্বালানি তেল আমদানি-বিতরণে বেসরকারি খাত নিয়ে খসড়া নীতিমালা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬, ১৫:৪৫
অ- অ+

দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তবে বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের সুযোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর খসড়া প্রণয়নের বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে। প্রস্তাবিত নীতিমালা নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হওয়ায় সরকারের অবস্থান স্পষ্ট করে প্রেস রিলিজ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

প্রেস রিলিজে বলা হয়েছে, প্রস্তাবিত নীতিমালার মূল উদ্দেশ্য দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় করা। একই সঙ্গে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এ নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ রাখা হবে না। কোনো বিশেষ ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যেও নীতিমালাটি পর্যালোচনা করা হচ্ছে না বলে জানিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে।

নীতিমালা চূড়ান্ত করার আগে জ্বালানি খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ নেওয়া হবে। ফলে বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের সুযোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা এবং রাষ্ট্র ও জনগণের স্বার্থ সুরক্ষার পাশাপাশি একটি স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রস্তাবিত নীতিমালা নিয়ে বিভ্রান্তি, অসম্পূর্ণ তথ্য কিংবা অনুমাননির্ভর ব্যাখ্যার পরিবর্তে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও তথ্যের ওপর নির্ভর করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৮ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের বিরোধ, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে মারধর
মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু
বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে মারা গেলেন উপসচিব আশরাফুল আফসার
মিশ্র ফলচাষে ভাগ্য বদল নাহিদের