চোখধাঁধানো বসুন্ধরা সুপার গলফের যাত্রা শুরু আজ

গলফের বল একবার শট নেওয়ার পর কয়েক শ ফুট দূরে চলে যায়। খালি চোখে অনেক সময় সেই বলের অবস্থান শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। প্রচলিত গলফ মাঠে তাই বল খুঁজে আনতে গলফবয়দের ওপর নির্ভর করতে হয়। কখনো আবার বল হারিয়েও যায়। তবে প্রযুক্তির ব্যবহারে এবার সেই ঝামেলা অনেকটাই দূর করতে যাচ্ছে ‘বসুন্ধরা সুপার গলফ’।
রাজধানীতে ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে আধুনিক প্রযুক্তিনির্ভর এই গলফ ও বিনোদনকেন্দ্র। ‘মোর দ্যান গলফ’ ধারণাকে সামনে রেখে গড়ে ওঠা বসুন্ধরা সুপার গলফে গলফ খেলার পাশাপাশি পরিবার, বন্ধু, সহকর্মী কিংবা ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সময় কাটানোর নানা আয়োজন রাখা হয়েছে।
এর সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হলো স্বয়ংক্রিয় বল সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থা। কোনো খেলোয়াড় শট নেওয়ার পর বলটি মাঠের নিচে থাকা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে চলে যাবে নির্দিষ্ট মেশিন সংগ্রহস্থলে। সেখানে বল স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করা হবে। এরপর নির্দিষ্ট পাইপের মাধ্যমে সেটি আবার সংশ্লিষ্ট বে’র নির্ধারিত স্থানে ফিরে আসবে। শেষ পর্যন্ত বল পৌঁছে যাবে টি পয়েন্টে। ফলে পরবর্তী শট নেওয়ার জন্য খেলোয়াড়কে নিজে বল খুঁজতে হবে না।
৬৮টি ডিলাক্স বে
বিস্তৃত পরিসরে গড়ে ওঠা বসুন্ধরা সুপার গলফে রয়েছে ৬৮টি ডিলাক্স বে। প্রতিটি বে’তে একসঙ্গে সর্বোচ্চ ছয়জন খেলতে পারবেন। বন্ধু, পরিবার কিংবা সহকর্মীদের সঙ্গে গলফ খেলার পাশাপাশি এখানে বসেই খাবার অর্ডার করার সুযোগ থাকছে।
প্রতিটি বে’র জন্য থাকছেন প্রশিক্ষিত বে হোস্ট। গলফ খেলার বিভিন্ন বিষয়ে খেলোয়াড়দের সহযোগিতা করবেন তারা। খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সেবার জন্য থাকবেন বে রানার।
ডিলাক্স বে’তে বাস্তব গলফের পাশাপাশি প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতার সুযোগও রয়েছে। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নিজস্ব অ্যাকাউন্ট খুলে অথবা অতিথি হিসেবেও খেলায় অংশ নেওয়া যাবে। অ্যাকাউন্ট থাকলে নিজের সেরা শট সংরক্ষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের সুযোগও রয়েছে।
ড্রাইভিং রেঞ্জে বাস্তব শট নেওয়ার পাশাপাশি ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিখ্যাত গলফ কোর্সের অভিজ্ঞতা নেওয়া যাবে। তালিকায় রয়েছে ঐতিহাসিক সেন্ট অ্যান্ড্রুসসহ বিশ্বের বিভিন্ন কোর্স।
১৭টি ভিআইপি সুইট
গলফের পাশাপাশি ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়োজনের জন্য রয়েছে ১৭টি ভিআইপি সুইট। প্রতিটি সুইটে একসঙ্গে সর্বোচ্চ ১৬ জন সময় কাটাতে পারবেন।
তৃতীয় তলায় অবস্থিত এসব সুইটে রয়েছে আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, ব্যক্তিগত বৈঠকের সুযোগ এবং ব্যবসায়িক উপস্থাপনার ব্যবস্থা। প্রয়োজন অনুযায়ী রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে সুইটেই পরিবেশন করা যাবে।
ফলে করপোরেট মিটিং, ব্যবসায়িক আলোচনা, ছোট পরিসরের অনুষ্ঠান কিংবা পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি গলফ খেলার সুযোগও থাকছে একই জায়গায়।
সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত গলফ
খেলোয়াড়দের সুবিধার কথা বিবেচনায় বসুন্ধরা সুপার গলফে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত খেলার সুযোগ রাখা হয়েছে।
ডিলাক্স বে’তে সময়ভেদে তিন ধরনের মূল্য কাঠামো রয়েছে—অফ-পিক লো, অফ-পিক মিড ও পিক আওয়ার।
অফ-পিক লো সময় সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত। রোববার থেকে বুধবার রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্তও অফ-পিক লো সুবিধা থাকবে। এ সময়ে ঘণ্টাপ্রতি ২ হাজার ৫০০ টাকায় সর্বোচ্চ ছয়জন খেলতে পারবেন।
অফ-পিক মিড চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্তও এ সময়ের মূল্য প্রযোজ্য হবে। এ সময়ে ঘণ্টাপ্রতি খরচ ৫ হাজার টাকা, যেখানে সর্বোচ্চ ছয়জন খেলতে পারবেন।
সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ডিলাক্স বে’তে পিক আওয়ার। এ সময়ে ঘণ্টাপ্রতি খরচ ৬ হাজার ৫০০ টাকা।
ভিআইপি সুইট কেবল পিক আওয়ারে ব্যবহার করা যাবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ঘণ্টাপ্রতি ৩০ হাজার টাকায় সর্বোচ্চ ১৬ জন সেখানে গলফ খেলতে পারবেন।
প্লাটিনাম মেম্বারশিপ
নিয়মিত গলফারদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের মেম্বারশিপ। বছরে ২ লাখ টাকায় নেওয়া যাবে প্লাটিনাম মেম্বারশিপ। রোববার থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে এবং শুক্রবার ও শনিবার বেলা ৩টা থেকে এই মেম্বারশিপে গলফ খেলার সুযোগ থাকবে।
এ ছাড়া রেস্টুরেন্টে ১০ শতাংশ এবং মিটিং ও ইভেন্টে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।
অল অ্যাকসেস প্লাটিনাম প্লাস মেম্বারশিপের বার্ষিক মূল্য ৫ লাখ টাকা। এ মেম্বারশিপে যেকোনো দিন যেকোনো সময়ে আনলিমিটেড খেলার সুযোগ থাকবে। মিটিং ও ইভেন্টে ২০ শতাংশ, রেস্টুরেন্টে ১৫ শতাংশ এবং ভেন্যুতে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। পাশাপাশি মাসে একবার বিকেল ৫টার আগে ভিআইপি সুইট ব্যবহারের সুযোগ রয়েছে।
এ ছাড়া করপোরেট প্লাটিনাম, করপোরেট প্লাটিনাম প্লাস, ফ্যামিলি প্যাকেজ, সাবস্ক্রিপশন ও বাইআউটের ব্যবস্থাও রয়েছে।
এক ছাদের নিচে খাবারের আয়োজন
গলফের পাশাপাশি খাবারের জন্যও রয়েছে নানা আয়োজন। ক্যাফে অ্যামাজন, টেরা চায়না ও আরবান ক্রেভে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।
টেরা চায়নায় চীন ও জাপানের ঐতিহ্যবাহী নকশা ও পরিবেশের ছোঁয়া রয়েছে। সামাজিক ও করপোরেট অনুষ্ঠানের জন্য রয়েছে ব্যানকুইট হল। মেহেদি অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন পারিবারিক ও করপোরেট আয়োজন করা যাবে সেখানে।
পরিবার নিয়ে আসা অতিথিদের জন্য রয়েছে কিডস ক্লাব। শিশুদের জন্য নানা ধরনের আয়োজনের পাশাপাশি জন্মদিনের অনুষ্ঠান করার ব্যবস্থাও রয়েছে।
গলফ শেষে আড্ডার ঠিকানা ‘নাইনটিনথ হোল’
বসুন্ধরা সুপার গলফের অন্যতম আকর্ষণ ‘নাইনটিনথ হোল’ রেস্টুরেন্ট।
গলফের প্রচলিত সংস্কৃতিতে ১৮ হোলে খেলা শেষ করার পর খেলোয়াড়রা একসঙ্গে বসে গল্প, আড্ডা ও আনন্দ করতেন। সেই মিলনস্থলই ধীরে ধীরে ‘নাইনটিনথ হোল’ নামে পরিচিত হয়ে ওঠে।
এই ঐতিহ্যকে সামনে রেখেই বসুন্ধরা সুপার গলফে তৈরি হয়েছে নাইনটিনথ হোল। এখানে গলফ শেষে খাবার খাওয়ার পাশাপাশি বন্ধু, সহকর্মী কিংবা ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সময় কাটানো যাবে।
অর্থাৎ গলফ শেষ হলেও আড্ডা শেষ হবে না। দিনের খেলা নিয়ে আলোচনা, অভিজ্ঞতা ভাগাভাগি কিংবা স্রেফ গল্প করার জন্য আলাদা জায়গা থাকছে এখানে।
একসঙ্গে ২০৭টি গলফ কোর্সের অভিজ্ঞতা
আবহাওয়া বা সময়ের সীমাবদ্ধতার কারণে গলফ খেলা থেকে বিরত থাকতে হবে না। বসুন্ধরা সুপার গলফে রয়েছে চারটি ইনডোর সিমুলেটর। এর মধ্যে তিনটি গেস্টদের জন্য এবং একটি গলফ কোচের অধীনে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যাবে।
এই সিমুলেটরগুলোর মাধ্যমে বিশ্বের ২০৭টি গলফ কোর্সে ভার্চুয়ালি খেলার অভিজ্ঞতা নেওয়া সম্ভব। বাস্তব মাঠের অনুভূতি দিতে বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি ও উঁচু-নিচু কোর্সের পরিস্থিতিও তৈরি করা যায়।
পাটিং অনুশীলনের জন্য রয়েছে তিনটি হোল। একসঙ্গে সর্বোচ্চ আটজন লগইন করে খেলতে পারবেন। কিডস, লেডিস ও মেনস—বিভিন্ন বিভাগে খেলার সুযোগ রয়েছে। চাইলে আয়োজন করা যাবে টুর্নামেন্টও।
ফলে ইনডোর সিমুলেটর শুধু বিনোদনের জায়গা নয়, গলফ অনুশীলন ও প্রতিযোগিতার প্রস্তুতির ক্ষেত্র হিসেবেও ব্যবহার করা যাবে।
গল্পের সঙ্গে বিলিয়ার্ড
গলফের বাইরে আরও বিনোদনের জন্য রয়েছে বিলিয়ার্ড রুম। সেখানে রয়েছে তিনটি বিলিয়ার্ড বোর্ড।
বন্ধু, সহকর্মী কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করতে করতে বিলিয়ার্ড খেলার সুযোগ থাকছে। গলফের আগে বা পরে কিংবা খেলার বিরতিতেও এই সুবিধা নেওয়া যাবে।
একটি গেমের খরচ রাখা হয়েছে ৫০০ টাকা। পাশাপাশি ঘণ্টাভিত্তিক খেলার সুযোগও রয়েছে।
ব্যবসায়িক বৈঠকের জন্য পাঁচটি মিটিং রুম
বসুন্ধরা সুপার গলফে শুধু বড় পরিসরের ভিআইপি সুইট নয়, ছোট পরিসরের বৈঠকের জন্যও রয়েছে পাঁচটি মিটিং রুম।
এগুলোতে দুই থেকে ১০ জন পর্যন্ত একসঙ্গে বৈঠক করতে পারবেন। ফলে গলফ খেলার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবসায়িক আলোচনা বা ছোট বৈঠকও করা যাবে।
নিরাপত্তা ও জরুরি প্রয়োজনের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার জন্য রয়েছে মেডিকেল রুম।
শিশুদের জন্য কিডস ক্লাব
পরিবারের সদস্যদের কথা মাথায় রেখে শিশুদের জন্য আলাদা কিডস ক্লাব তৈরি করা হয়েছে।
বড়রা যখন গলফ, বৈঠক কিংবা আড্ডায় ব্যস্ত থাকবেন, তখন শিশুরা কিডস ক্লাবে বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবে। জন্মদিনসহ বিভিন্ন আয়োজনও করা যাবে এখানে।
শিশুদের মোবাইল ফোন ও ভিডিও গেমনির্ভর সময় কাটানোর বাইরে সামাজিক পরিবেশে বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
একই জায়গায় বাবা-মায়ের গলফ খেলা আর শিশুদের নিজস্ব বিনোদনের সুযোগ থাকায় পরিবার নিয়ে সময় কাটানোর জন্যও এটি আলাদা মাত্রা যোগ করবে।
‘মোর দ্যান গলফ’
বসুন্ধরা সুপার গলফের মূল ধারণা ‘মোর দ্যান গলফ’। অর্থাৎ এখানে গলফকে শুধু একটি খেলা হিসেবে দেখা হয়নি। গলফের সঙ্গে খাবার, বিনোদন, ব্যবসায়িক যোগাযোগ, পারিবারিক সময় ও সামাজিকতার সমন্বয় ঘটানো হয়েছে।
একদিকে রয়েছে ৬৮টি ডিলাক্স বে, ১৭টি ভিআইপি সুইট ও চারটি ইনডোর সিমুলেটর; অন্যদিকে রয়েছে রেস্টুরেন্ট, নাইনটিনথ হোল, বিলিয়ার্ড রুম, মিটিং রুম, ব্যানকুইট হল ও কিডস ক্লাব।
সবচেয়ে বড় বৈশিষ্ট্য প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় বল ব্যবস্থাপনা। শট নেওয়ার পর বল কোথায় গেল—সেটি খুঁজতে হবে না খেলোয়াড়কে। স্বয়ংক্রিয় ব্যবস্থায় বল সংগ্রহ, পরিষ্কার এবং নির্দিষ্ট টি পয়েন্টে ফেরত আসবে।
বসুন্ধরা সুপার গলফের হেড অব অপারেশনস রেজাউর রহমান খান এবং বে অপারেশনস ম্যানেজার অ্যান্ড হেড অব পিআর অরূপ ফেভিয়ান গমেজের মতে, এই আয়োজনকে কেন্দ্র করে একটি গলফ কমিউনিটি গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। যেখানে গলফের পাশাপাশি ব্যবসায়িক সম্পর্ক ও বিনোদনেরও সুযোগ তৈরি হবে।
সব মিলিয়ে বসুন্ধরা সুপার গলফ শুধু গলফ খেলার নতুন একটি ঠিকানা নয়; প্রযুক্তি, খেলাধুলা, খাবার, আড্ডা, ব্যবসা ও পারিবারিক বিনোদনকে একই ছাদের নিচে নিয়ে আসার একটি বড় আয়োজন। ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশে গলফকে ঘিরে এমন সমন্বিত বিনোদনকেন্দ্রের নতুন অধ্যায় শুরু হচ্ছে।
(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













