বিমানবন্দর এলাকায় আহত সেনাসদস্যকে উদ্ধার করে সিএমএইচে পাঠালেন আনসার সদস্য

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৫
অ- অ+

ঢাকার বিমানবন্দর স্টেশনসংলগ্ন এলাকায় ট্রেন দুর্ঘটনায় আহত এক সেনাসদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন বিমানবন্দর আনসার ফোর্সের সদস্য আনসার শাহাবুল। পরে তিনি নিজেও অ্যাম্বুলেন্সে করে ওই সেনাসদস্যের সঙ্গে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর স্টেশনসংলগ্ন প্রস্তাবিত এসআরবি হেডকোয়ার্টার্সের সামনে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই সেনাসদস্য। তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল এবং ডান পা ভেঙে ঝুলে ছিল। বিষয়টি দেখতে পেয়ে আনসার শাহাবুল দ্রুত তাঁর কাছে যান এবং পরিচয় জানতে চান।

আহত সেনাসদস্য জানান, গাজীপুরে প্রশিক্ষণ শেষে এসআরবি হেডকোয়ার্টার্সে কর্মস্থলে যোগ দিতে আসার পথে তিনি ট্রেন দুর্ঘটনার শিকার হন। এ সময় শাহাবুল তাঁর ব্যাগ ও মুঠোফোন নিজের হেফাজতে নেন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত সেনাসদস্যকে উদ্ধার করে এসআরবি গেটে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত সদস্যদের তৎপরতায় দ্রুত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। তাঁকে সিএমএইচে পাঠানো হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মানবিক কারণে শাহাবুলও ওই অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে যান। সেখানে আহত সেনাসদস্যের প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি সহায়তা করেন।

রাতে হাসপাতালে ওই সেনাসদস্যের পরিবারের সদস্যরা পৌঁছালে শাহাবুল তাঁর কাছে থাকা ব্যাগ, মুঠোফোনসহ মালামাল পরিবারের কাছে বুঝিয়ে দেন। এরপর তিনি কর্মস্থলে ফিরে যান।

আহত সেনাসদস্যের পরিবারের সদস্যরা শাহাবুলের দায়িত্বশীল ও মানবিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান বলে জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সার মজুতের কারণে জামায়াত নেতার পদ বাতিল 
ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা
১৭ বছর ধরে লিমনের চলাচল নিয়ন্ত্রণে শিকল, প্রয়োজন চিকিৎসা ও সহায়তা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক