দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ-জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (০৩ মার্চ) মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়।
প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়া ১৬৯ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ তাই মাশরাফি বিন মুর্তজার দলের কাছে সিরিজ জয়ের মিশন।
জয়ের ছন্দ ধরে রাখতে গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচের জয়ের নায়ক লিটন দাসের পায়ে টান লাগলেও এই ম্যাচে তাকে নিয়ে অনিশ্চয়তা নেই। এছাড়া ফিট আছেন বাকি ক্রিকেটাররাও। বেশ কয়েকজন ক্রিকেটার সোমবার (০২ মার্চ) ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন। তবে বিশ্রামে ছিলেন লিটন, মাশরাফি, আফিফ।
জিম্বাবুয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া। আগের ম্যাচে অনুপস্থিত থাকা শন উইলিয়ামসন ও ক্রেইগ আরভিনের এই ম্যাচের একাদশে থাকার কথা রয়েছে। দুই তারকা ফিরলে জিম্বাবুয়ের শক্তিমত্তাও বৃদ্ধি পাবে। বাংলাদেশে পা রেখে ঐচ্ছিক অনুশীলনের মাধ্যমে নিজেকে ঝালাই করে নিয়েছেন উইলিয়ামসন।
উইকেট প্রথম ম্যাচের মত থাকলেও ভিন্নতা দেখাতে পারে আবহাওয়া। সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা আছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এলাকায়।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে: চামু চিবাবা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, ওয়েসলে মাধেভেরে, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামসন, সিকান্দার রাজা, টিনোটেন্ডা মুতমবদজি, ডোনাল্ট টিরিপানো, অ্যাইনসলে এনলভু, ক্রিস এমপুফু ও কার্ল মুম্বা।
(ঢাকাটাইমস/০৩ মার্চ/এআইএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













