ভুটানে জরুরি ওষুধ পাঠালেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধে ভুটানে জরুরি ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ। মূলত প্রতিবেশী দেশটির প্রবীণ নাগরিকদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে ওষুধের দুটি চালান পাঠানো হয়েছে।
ওষুধের প্রথম চালানটি বৃহস্পতিবার সড়কপথে ঢাকা ছেড়েছে বলে এক বার্তায় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়, ভুটানের প্রবীণ নাগরিকদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে জরুরি ওষুধের দুটি চালান পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ভুটানের রাজার অনুরোধে এই ওষুধ পাঠিয়েছেন।
ওষুধের মধ্যে বেক্সিমকো ফার্মা উৎপাদিত মাল্টি-ভিটামিন বেক্সট্রাম গোল্ডের ১০ লাখ ইউনিট এবং স্কয়ার ফার্মা দ্বারা উৎপাদিত ভিটামিন সি সিভিটের পাঁচ লাখ ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।
বার্তায় জানানো হয়, ইতিমধ্যে প্রথম চালানটি বৃহস্পতিবার সড়কপথে ঢাকা ছেড়েছে। চালানটি থিম্পু যাওয়ার জন্য বিকালে রংপুরের লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত বন্দরে পৌঁছাবে।
দ্বিতীয় চালানটি ২০ এপ্রিলের মধ্যে একই সীমান্ত বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে ভুটানও করোনা মোকাবিলায় হ্যান্ড স্যানিটাইজারসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল বাংলাদেশের জন্য।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ভুটানের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই ওষুধ সে সম্পর্কের স্মারক।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এনআই/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












