বিরামপুরে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক হাজার ২৫০ জন ইমাম-মুয়াজ্জিনের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে দেশে চলমান সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য সহায়তার অংশ হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদসদস্য শিবলী সাদিক এসব সামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার দুপুরে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে তিনি ব্যক্তিগত তহবিল থেকে একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের মসজিদের ইমাম-মুয়াজ্জিনের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, এক কেজি তেল, ছোলা, লবণ ও চিনি দেয়া হয়েছে।
শিবলী সাদিক বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের সব মসজিদে পাঁচওয়াক্ত নামাজ, জুময়া ও তারাবির নামাজে মুসল্লিদের উপস্থিতি সীমিত করা হয়েছে। ফলে মসজিদে মুসল্লিদের উপস্থিতি কম হওয়ায় মসজিদে দানের পরিমাণও কম হচ্ছে। এতে মসজিদ কমিটি ইমাম ও মুয়াজ্জিনদের নিয়মিত বেতন দিতে পারছেন না। এ বিষয়টি বিবেচনা করে বিরামপুর উপজেলায় এক হাজার ২৫০ জন ইমাম-মুয়াজ্জিনের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মণ্ডল, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন সরকার ও থানার ওসি মনিরুজ্জামান প্রমুখ।
(ঢাকাটাইমস/৫মে/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































