বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ এবং জ্বালানি তেলের দাম মূল্যবৃদ্ধির ফলে আগামী সপ্তাহে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে, এমন সম্ভাবনা জোরালো হয়েছে। এর ফলে সুদবিহীন সম্পদ হিসেবে চাপে পড়েছে স্বর্ণ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে এই মূল্যবান ধাতুর দাম ১ শতাংশের বেশি কমেছে।
এদিন সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৯ দশমিক ৩২ ডলারে নেমে আসে। আর মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯১ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।
ক্যাপিটাল ডটকমের সিনিয়র ফিন্যান্সিয়াল মার্কেট এনালিস্ট কাইল রোডা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মার্কিন অর্থনীতিতে মূল্যস্ফীতির প্রভাব পড়ছে, যার একটি বড় কারণ জ্বালানি খাতের ক্রমবর্ধমান খরচ।’
সিএমই ফেডওয়াচ টুল -এর তথ্য অনুযায়ী, মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর আগামী সপ্তাহে ফেড কর্তৃক সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৬২ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশে দাঁড়িয়েছে।
তবে রয়টার্স পরিচালিত এক জরিপে অধিকাংশ অর্থনীতিবিদ জানিয়েছেন, আগামী ১৫-১৬ সেপ্টেম্বরের বৈঠকে এবং চলতি বছরের বাকি সময়ে ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে।
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ৪ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৪৭ ডলারে নেমে এসেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ৪ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৮০২ দশমিক ৪৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ২৯৫ দশমিক ২৩ ডলারে দাঁড়ায়।
এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ টাকা ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













