হাতিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ জলদস্যু প্রধান গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নে অভিযান চালিয়ে জলদস্যু বাহিনীর প্রধান রাছেলকে (২৮) গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে দুটি এলজি, দুটি কার্তুজ ও তিনটি বগিদাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোর পাঁচটার দিকে চৌকিদারখাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাছেল নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। সে জলদস্যু রাছেল বাহিনীর প্রধান।
কোস্টগার্ড হাতিয়া স্টেশান কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, জলদস্যু বাহিনী প্রধান রাছেল তার লোকজন নিয়ে নিঝুমদ্বীপের চৌকিদারখালে মেঘনা নদীতে জেলে নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার (লে. বিশ্বজিৎ বড়ুয়া) নেতৃত্বে কোস্টগার্ড অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে রাছেল বাহিনীর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধাওয়া করে পানি থেকে রাছেলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। রাছেল বাহিনী দীর্ঘদিন যাবত মেঘনা নদীতে মাছ ধরা জেলে নৌকায় ডাকাতি, জেলেদের অপহরণ, চাঁদাবাজি ও খুন করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দিয়ে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে রাছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত রাছেলের বিরুদ্ধে আগের ৭-৮টি মামলা রয়েছে।
ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এমআর
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































