ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন: যুবলীগের কেন্দ্রীয় নেতা আ.লীগের বিদ্রোহী প্রার্থী

আগামী ১৭ অক্টোবর আসন্ন ফরিদপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে জমা দিয়েছেন ৪০ এবং সংরক্ষিত সদস্য পদে জমা দিয়েছেন ১২ জন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মোহাম্মদ ফারুক হোসেন দলীয় নেতাকর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বৃহস্পতিবার দুপুরে, এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ, বিপুল ঘোষ, সৈয়দ মাসুদ হোসেন, ঝর্ণা হাসান, আইভি মাসুদসহ দলীয় শীর্ষ নেতাকর্মীরা।
এর আগে বুধবার যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শাহদাত হোসেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
যুবলীগের কেন্দ্রীয় এই নেতাকে ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী সমর্থন দেয়। তিনি জেলা পরিষদের তফসিল ঘোষণার পরে ভাঙ্গা ও সদরপুরের দুইটি জনসভায় শাহদাত হোসেনকে তার মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করে বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক হোসেন যু্বলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এছাড়াও তিনি ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়াও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আব্দুল আজিজ মাস্টার।
দলের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র কেন দাখিল করলেন সাংবাদিকদের এমন প্রশ্নে যুবলীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক শাহদাত হোসেন বলেন, আমার নেতা ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরীর নির্দেশে এবং তৃণমূল ভোটারদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করতে আমি প্রার্থী হয়েছি। ইনশাল্লাহ আমি জয়ী হবো।
এ বিষয়ে ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে তার মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেনি।
দলীয় মনোনয়ন জমা দিয়ে আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেন বলেন, আওয়ামী লীগ করে দলীয় প্রধানের নির্দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠন কেন্দ্রীয়ভাবে দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছেন। তার পরে আমি বিশ্বাস করি কেউ প্রার্থী হলে তিনি অবশ্যই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য তার মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।
ফরিদপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, সাধারণ সদস্য পদে জমা দিয়েছেন ২০ এবং সংরক্ষিত সদস্য পদে জমা দিয়েছেন ৭ জন।
তিনি আরো বলেন, আগামী ১৭ অক্টোবর জেলার নয়টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ১১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এআর)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










