দেশের প্রথম আইজিপি ও সাবেক স্বরাষ্ট্রসচিব আবদুল খালেকের মৃত্যুবার্ষিকী পালন

বাংলাদেশ পুলিশের প্রথম মহাপরিদর্শক (আইজিপি) ও দেশের প্রথম স্বরাষ্ট্রসচিব আবদুল খালেকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীতে ও তার গ্রামের বাড়ি কুমিল্লায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আবদুল খালেক ২০১৩ সালের ১০ জুন তিনি মৃত্যুবরণ করেন। তার জন্ম ১৯২৭ সালের ১ মার্চ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মান ডিগ্রি লাভের পর ১৯৫০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন তিনি। এরপর কিছুদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন।
১৯৫১ সালে তিনি তৎকালীন সিভিল সার্ভিস অফ পাকিস্তান (সিএসপি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগ দেন। তৎকালীন গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ মহকুমায় এসডিপিও এবং বরিশাল, পাবনা, রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন। সারদায় পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আবদুল খালেক মুজিবনগর সরকারের সময় থেকে স্বাধীন বাংলাদেশের প্রথম আইজিপি হিসেবে ২৩ এপ্রিল ১৯৭৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর থেকে ১৯৭৩ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত দেশের প্রথম স্বরাষ্ট্রসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ পুলিশ একাডেমি সারদায় কর্মরত থাকাকালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন আবদুল খালেক। পাকিস্তানি বাহিনীর আক্রমণের কারণে সারদা প্রত্যাবর্তনে ব্যর্থ হয়ে তিনি পরিবারসহ ভারতে চলে যান।
সেখান থেকে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে কর্মরত সব পুলিশ সদস্যকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে চিঠি লেখেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি কলকাতায় সচিব হিসেবে দায়িত্ব পালন করায় পাকিস্তানের সামরিক আদালত তার অনুপস্থিতিতে বিচার করে সাজা প্রদান করে।
মৃত্যুকালে সাবেক এই পুলিশপ্রধান স্ত্রী সেলিনা খালেক, ছেলে বি কে এস ইনান, মেয়ে-সামিনা খালেকসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জীবদ্দশায় তিনি নিজের কর্মময় জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বেশ কিছু বই লিখেন। তার প্রকাশিত বইগুলো হলো ‘পলিটিক্যাল ইকোনমি অব ফরেন এইড’, ‘ট্রান্সফার অব টেকনোলজি’, ‘শেখ মুজিব লিবারেশন ওয়ার’, ‘বাংলাদেশ এডুকেশন রিফর্মস’।
মহান মুক্তিযুদ্ধে বিশেস অবদানের জন্য ২০১৯ সালে ‘স্বাধীনতা পুরস্কার’- এ ভূষিত হয়েছেন আবদুল খালেক।
(ঢাকাটাইমস/১০জুন/এসএস/এসআইএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































