আজ ‘সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস’, কী হয়েছিল ৭৩ এর এই দিনে

আজ ১ জানুয়ারি (বুধবার) ‘সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস’। বিভিন্ন দল ও সংগঠন দিবসটি পালন করবে।
১৯৭৩ সালের এই দিনে ভিয়েতনামে মার্কিন বাহিনীর নৃশংস বোমা হামলা বন্ধের দাবিতে ঢাকায় ছাত্র ইউনিয়ন ও ডাকসুর যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলে পুলিশ গুলি চালায়। এতে ছাত্র ইউনিয়নের দুই নেতা মীর্জা কাদেরুল ইসলাম ও মতিউল ইসলাম মারা যান। আহত হন ছাত্র ইউনিয়নের অনেক নেতাকর্মী।
স্বাধীন বাংলাদেশে প্রথম এই শিক্ষার্থী হত্যার ঘটনায় পরদিন ফুঁসে ওঠে সারাদেশ। রাজধানী পরিণত হয় বিক্ষোভের নগরীতে। ওইদিন ঢাকার সর্বত্র স্বতঃস্ফূর্ত হরতাল পালন করা হয়। এরপর থেকে ১ জানুয়ারি ‘সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
দিবসটি পালনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিভিন্ন বামপন্থি দল ও প্রগতিশীল সংগঠনগুলো নানা কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে– আজ সকাল সাড়ে ৮টায় জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন কদম ফোয়ারা মোড়ে সাম্রাজ্যবাদবিরোধী সংহতি স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।
(ঢাকাটাইমস/০১জানুয়ারি/এফএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












