সায়েন্সল্যাবে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উচ্চমাধ্যমিকে পাঠদান অব্যাহত রাখার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢাকা কলেজে তাদের উচ্চমাধ্যমিকের পাঠদান বন্ধ হয়ে যেতে পারে। উচ্চমাধ্যমিকের পাঠদান যেন বন্ধ না হয়, সরকারের কাছে সেই দাবি জানাতে সড়ক অবরোধ করেছেন তারা।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়ে। পুলিশ দফায় দফায় তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঢাকা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে পুলিশ। শিক্ষক ও পুলিশ মিলে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। দাবিদাওয়া সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষক ও পুলিশ সদস্যরা।
তবে শিক্ষার্থীরা অনড়, তারা এখনো সড়ক থেকে সরেননি। তারা বলছেন, ‘ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এখানে উচ্চমাধ্যমিক শুরু থেকেই ছিল, এখন সাত কলেজ সমন্বয়ে যে বিশ্ববিদ্যালয় হয়েছে, তাদের একাডেমিক কার্যক্রম ও লেখাপড়ার জন্য উচ্চমাধ্যমিকের ভর্তি বন্ধ হয়ে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাই আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে আজকের এই কর্মসূচি পালন করছি।’
এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ওসি মাহফুজুল হক বলেন, “সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে আসে। প্রায় পাঁচ মিনিট অবস্থান নিয়ে তারা নীলক্ষেত মোড় হয়ে ক্যাম্পাসে ফিরে যায়। তারা জানিয়েছেন, সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের সিদ্ধান্ত বাতিল করে ঢাকা কলেজের স্বতন্ত্রতা বজায় রাখতে হবে।”
প্রসঙ্গত, রাজধানীর সাতটি সরকারি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ—নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এর আগে এসব কলেজের অধিভুক্তি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত খসড়া অধ্যাদেশে বলা হয়েছে, দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কলেজগুলোর অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে, এই অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সোমবার ‘লং মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছেন সংশ্লিষ্ট কলেজগুলোর কিছু শিক্ষার্থী।(ঢাকাটাইমস/১২অক্টোবর/এলএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































