বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মেহেদী রুমী সড়ক দুর্ঘটনায় আহত

ঢাকা থেকে কুষ্টিয়ায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এ ঘটনায় তাঁর স্ত্রী অধ্যাপিকা সৈয়দা ফাহিমা রুমী ও ছোট ছেলে সৈয়দ ফায়েজ আহমেদ রুমীও আহত হয়েছেন।
শুক্রবার রাতে মানিকগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেহেদী রুমীর পরিবারের এক সদস্য জানান, ঢাকায় একটি কর্মসূচি শেষে পরিবারের সদস্যদের নিয়ে কুষ্টিয়ায় ফিরছিলেন সৈয়দ মেহেদী আহমেদ রুমী। পথে মানিকগঞ্জ এলাকায় তাঁদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি, তাঁর স্ত্রী এবং ছোট ছেলে আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সৈয়দ মেহেদী আহমেদ রুমী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































