কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদ সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী

আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদ ভবন সোলার সিস্টেমের আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ভবনের বিদ্যুতের চাহিদার একটি অংশ সৌরবিদ্যুৎ থেকে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আগ্রহ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য প্রয়োজনীয় পণ্য—সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির ওপর প্রযোজ্য কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং ২ শতাংশ অতিরিক্ত অগ্রিম আয়কর থেকে শর্তসাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত ৮ জুন প্রজ্ঞাপন জারি করেছে।
তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, সরকার তাদের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ টাকা ৫০ পয়সা দরে কিনবে। বাল্ক রেটের অতিরিক্ত অর্থ সরকার প্রণোদনা হিসেবে দেবে।
তারেক রহমান বলেন, রুফটপ সোলার থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড় ব্যয় হবে ৬ থেকে ৭ টাকা। ফলে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ তৈরি হবে।
নির্ধারিত সময়ের মধ্যে রুফটপ সোলার স্থাপন করে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরের এই সুবিধা তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। অর্থাৎ ওই সময়ের মধ্যে স্থাপিত রুফটপ সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ পরবর্তী তিন বছর সরকার নির্ধারিত দরে কেনা হবে।
প্রধানমন্ত্রী জানান, সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি গাইডলাইনও প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার জন্য ইতোমধ্যে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
দেশের সব জেলা প্রশাসকের কার্যালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়েও রুফটপ সোলার সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে আগামী ১০ বছরের পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। শিগগিরই বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী জাতীয় সংসদে এ পরিকল্পনা উপস্থাপন করবেন।
(ঢাকাটাইমস/৩ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































